কারিনা কি মা হতে চলেছেন? জল্পনার জবাব দিলেন সাবা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তা নাকচ করেছেন তাঁর স্বামী সাইফ আলি খানের বোন সাবা আলি খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভুল ক্যামেরা অ্যাঙ্গেল থেকেই এই জল্পনার সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কারিনার হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি দেখে কয়েকজন নেটিজেন অভিনেত্রীর শারীরিক গড়ন নিয়ে নানা মন্তব্য করেন এবং তিনি অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। এরপর দ্রুতই বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে কারিনাকে নিয়ে এমন জল্পনায় বিরক্তি প্রকাশ করেছেন সাবা আলি খান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণেই কারিনাকে নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে।
সাবা লেখেন, ‘খারাপ অ্যাঙ্গেলের দিন! কীভাবে সবাই এত বড় সিদ্ধান্তে পৌঁছে গেলেন? তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন, দেখতে বেশ স্টাইলিশ, পরিপাটি ও স্লিম ছিলেন। আর আজ জিম থেকেও বের হয়েছেন। ব্যস, এটুকুই!’
ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা জল্পনা না করারও অনুরোধ জানান তিনি। সাবা লেখেন, ‘আমি তো আমার বোন সোহা আলি খানকে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি। ইশ, যদি সত্যি হতো! এটা বলার জন্য ও আমাকে মেরে ফেলবে! সবাই নিজের মতো থাকুন, অন্যকেও নিজের মতো থাকতে দিন। কিছু বিষয় ব্যক্তিগতই থাকুক। কোনো জল্পনার প্রয়োজন নেই।’
কারিনার টিমও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে। ‘এইচটি সিটি’-কে দেওয়া বক্তব্যে অভিনেত্রীর টিম স্পষ্ট করে বলেছে, কারিনা অন্তঃসত্ত্বা নন।
কারিনা কাপুর ও সাইফ আলি খানের দুই সন্তান—তৈমুর আলি খান ও জেহ আলি খান। অন্যদিকে সাবা আলি খানের বোন সোহা আলি খান ও অভিনেতা কুনাল খেমুর একমাত্র সন্তান ইনায়া।
কাজের ব্যস্ততায়ও রয়েছেন কারিনা কাপুর। সামনে তাঁকে দেখা যাবে পরিচালক মেঘনা গুলজারের সিনেমা ‘দায়রা’-তে। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অপরাধ, বিচার ও শাস্তির পাশাপাশি আলোচিত কোনো ঘটনা কীভাবে জনমত ও মানুষের ধারণাকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো তুলে ধরা হবে।
‘দায়রা’ কারিনার প্রধান চরিত্রে অভিনীত ৬৮তম চলচ্চিত্র। আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।