‘সংসারের খরচ কেউ দেয় না’, নিন্দুকদের উদ্দেশে বাঁধনের বার্তা

নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে এসব সমালোচনার জবাব দিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিনেমার মহরতের একটি ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন, ‘একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না।’
তিনি আরও জানান, যেসব মানুষের পরামর্শ তিনি বিশ্বাস করেন ও সম্মান করেন, তারাই তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
বাঁধন বলেন, ‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে গল্পটি পছন্দ হওয়ার পাশাপাশি শুরু থেকেই নির্মাতা ও পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতা তাকে আগ্রহী করেছে।
অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে বাঁধন জানান, দীর্ঘ পথচলায় তিনি বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। এই সময়ে পাওয়া ভালো ও কঠিন—দুই ধরনের অভিজ্ঞতাই তাকে বর্তমান অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।
নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরও সুখী হবো।’
উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটিতে আরও অভিনয় করছেন আমিন হান, ওমর সানী, রোজিনা ও আশীষ খন্দকার। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।