বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা

    আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দীর্ঘ সংগীতজীবনের প্রথম একক কনসার্টের পর দর্শকদের অভূতপূর্ব ভালোবাসায় সাড়া দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, দর্শক-শ্রোতাদের ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেই অনুপ্রেরণায় ভবিষ্যতেও নিয়মিত গান গেয়ে যেতে চান তিনি।

    গত ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয় তার একক সংগীতানুষ্ঠান। প্রায় ৬২ বছরের সংগীতজীবনে এটিই ছিল শিল্পকলা একাডেমির মঞ্চে তার প্রথম একক কনসার্ট।

    অনুষ্ঠানে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য সংগীতপ্রেমীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে পুরো সন্ধ্যা মাতিয়ে রাখেন রুনা লায়লা। শুধু গান নয়, অনুষ্ঠান উপস্থাপক আফজাল হোসেন এবং দর্শকদের সঙ্গে আন্তরিক আলাপ ও রসিকতার মধ্য দিয়েও তিনি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

    অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই প্রশংসায় ভাসেন এই কিংবদন্তি শিল্পী।

    ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, তিনি দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, শুভেচ্ছা ও উৎসাহ তাকে নতুন করে গান গাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

    তিনি বলেন, “আমাকে যারা এত ভালোবাসা ও সম্মান দিয়েছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। বাংলাদেশের শিল্পী হিসেবে আমি গর্বিত। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও আমার অসংখ্য শ্রোতা রয়েছেন। তাদের সবার ভালোবাসা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনাদের জন্যই আমি নিয়মিত গান করে যেতে চাই। ইনশাআল্লাহ, গান কখনোই ছাড়ব না।”

    শিল্পকলা একাডেমির কনসার্টে সীমিত আসনের কারণে অনেক দর্শক প্রবেশ করতে না পারার বিষয়টিও উল্লেখ করেন তিনি। রুনা লায়লা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ সরাসরি তার গান উপভোগ করতে পারেন।

    তিনি বলেন, “শিল্পকলার অডিটোরিয়ামে আসনসংখ্যা সীমিত ছিল। ফলে অনেকেই কনসার্টে উপস্থিত থাকতে পারেননি। সামনে আরও বড় ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আশা করি, তখন আরও বেশি দর্শকের সামনে গান গাওয়ার সুযোগ পাব।”

    এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় কাটছে রুনা লায়লার। প্রায় এক দশক পর তিনি অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে গেছেন। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করবেন। একই মঞ্চে থাকবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ এবং ইমন চৌধুরীর গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’।

    এ ছাড়া ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’, যেখানে দর্শকদের জন্য পরিবেশন করবেন তার জনপ্রিয় সব গান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন