মাইলসের সঙ্গে ঢাকার মঞ্চ মাতাবেন অনুপম রায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস এবার একই মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের বিশেষ কনসার্ট।
অনুপম রায়ের সংগীতজীবনে মাইলসের গান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিভিন্ন সময়ে মাইলসের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন এই গায়ক। এবার প্রিয় সেই ব্যান্ডের সঙ্গেই একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন তিনি।
এর আগে এক টেলিভিশন অনুষ্ঠানে মাইলসের গান নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে অনুপম রায় জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তার আগ্রহ ছিল। সেই সময়ে মাইলসের গান তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। ওই অনুষ্ঠানে তিনি মাইলসের জনপ্রিয় গান ‘নীলা’ পরিবেশন করেছিলেন।
মাইলসের প্রধান হামিন আহমেদও অনুপম রায়ের মাইলসপ্রেমের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, অনুপম রায় মাইলসের বড় ভক্ত এবং এর আগেও একটি অনুষ্ঠানে ব্যান্ডটির গান গেয়েছেন। তাই এই কনসার্ট দর্শকদের জন্য বিশেষ আকর্ষণের হবে।
এর আগে কনসার্টটি গত ২৬ জুন আয়োজনের পরিকল্পনা করা হলেও কিছু প্রশাসনিক ও পারিপার্শ্বিক কারণে তা স্থগিত করা হয়। নতুন আয়োজনে অনুপম রায়ের সঙ্গে পারফর্ম করার কথা থাকলেও শিডিউল জটিলতার কারণে থাকতে পারছে না ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফনি। তাদের পরিবর্তে যুক্ত হয়েছে মাইলস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট বিকেল ৫টায় শুরু হবে কনসার্টটি। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
এদিকে, আগস্ট মাসে কানাডায় সংগীত সফরে যাচ্ছে মাইলস। দেশটির আটটি শহরে পারফর্ম করবে ব্যান্ডটি। পাশাপাশি নতুন গান নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন হামিন আহমেদ।