দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আলিয়া ভাট

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতে নিট (NEET) পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং শিক্ষার্থীদের আন্দোলন কয়েক সপ্তাহ ধরেই দেশজুড়ে আলোচনার বিষয়। পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন আলিয়া ভাট।
পোস্টে তিনি লেখেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ঐক্য, সাহস এবং নিজেদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে।
আলিয়ার ভাষ্য, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের প্রত্যাশা এবং দীর্ঘদিনের পরিশ্রম। তারা শুধু নিজেদের ভবিষ্যতের জন্য নয়, বরং একটি প্রজন্মের অধিকার ও ন্যায্যতার দাবিতে কথা বলছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই দৃঢ় অবস্থান আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—দেশের ভবিষ্যৎ যাদের হাতে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? তাদের সাহস সমাজকে আত্মসমালোচনার সুযোগ করে দিয়েছে।
পোস্টের শেষাংশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আলিয়া লেখেন, ‘এই সংহতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের হাতেই। জয় হিন্দ।’
আলিয়ার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার অবস্থানকে সাহসী বলে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ চলমান ইস্যুতে নীরব থাকা অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে তার অবস্থানের তুলনা করেছেন।
উল্লেখ্য, শিক্ষার্থী আন্দোলন নিয়ে এতদিন বলিউডের অধিকাংশ তারকাই প্রকাশ্যে মন্তব্য করেননি। সম্প্রতি সালমান খানও শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানালেন আলিয়া ভাট।