৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার, এবার ট্রাইব্যুনালে মোজাফফর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে।
এর আগে, ২১ জুলাই প্রসিকিউশন মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুলাই দিন ধার্য ছিল। ওইদিন প্রসিকিউশন আরও দুই মাস সময়ের আবেদন করে। তবে মোজাফফর হোসেনের সঙ্গে তার যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে আসায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি। এ কারণে তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।