১৮ বছর বয়সেই চলে গেলেন বধির অভিনেত্রী কাইলি হটল

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা’খ্যাত তরুণ অভিনেত্রী কাইলি হটল। মাত্র ১৮ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড ও তার ভক্তদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর প্রায় ৩টার দিকে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় কাইলিকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চালকসহ অন্য দুই যাত্রীর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কাইলি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (এএসএল) ব্যবহার করে যোগাযোগ করতেন। তার পরিবারের সদস্যরাও শ্রবণপ্রতিবন্ধী।
মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন তার বাবা জোশুয়া হটল। তিনি জানান, পরিবারের সবাই গভীর শোকে ভেঙে পড়েছেন এবং তিনি কাইলির মরদেহ নিতে মেরিল্যান্ডে যাচ্ছেন।
শোকের মধ্যেও দুর্ঘটনার চালককে ক্ষমা করে দিয়ে জোশুয়া হটল বলেন, এই দুর্ঘটনা যেন তার বাকি জীবনকে ধ্বংস না করে।