‘ভয়েজ অব বাংলাদেশ’ নিয়ে আসছেন তাহসান, বিচারক তালিকায় চমক

অভিনয় থেকে বিরতি নেওয়া এবং নতুন গান প্রকাশ থেকে দূরে থাকার ঘোষণা দেওয়ার পর এবার নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি।
দেশের সংগীতাঙ্গনের পরিচিত পাঁচ মুখকে নিয়ে সাজানো হয়েছে প্রতিযোগিতার বিচারক প্যানেল। তারা হলেন— ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
বিশ্বের অন্যতম বৃহৎ লাইভ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অংশ নিতে যাচ্ছে এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে।
বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি পর্ব।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। সেখান থেকেই নির্বাচিত হবে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিল্পী।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে অংশ নেবেন।
এশিয়ার এই সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান খান ও বিচারকদের।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব এবং গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং টেলিভিশন চ্যানেল এনটিভি।