বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • এক বছরে ২০ লাখ মামলা কমানো সম্ভব: আইনমন্ত্রী

    এক বছরে ২০ লাখ মামলা কমানো সম্ভব: আইনমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিচারাধীন মামলার সংখ্যা এক বছরের মধ্যে প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। এজন্য মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-ফাইলিং মেডিয়েশন) কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

    মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

    তিনি বলেন, বর্তমানে দেশে বিচারকের তুলনায় মামলার সংখ্যা অনেক বেশি। প্রায় ৪৫ লাখ মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে, যা বিচারব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এই চাপ কমাতে প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে শক্তিশালী করতে হবে।

    আইনমন্ত্রী বলেন, মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই অনেক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হবে।

    তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত পরিচালিত পাইলট কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। বিভিন্ন আইনের মামলায় গড়ে ৬২ দশমিক ২ শতাংশ পর্যন্ত মামলা কমেছে।

    পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, পারিবারিক আদালত আইনে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত যেখানে ৩ হাজার ৫৫৯টি মামলা দায়ের হয়েছিল, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৪টিতে। অর্থাৎ প্রায় ৫১ শতাংশ মামলা কমেছে।

    এ ছাড়া বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের মামলা ২৪টি থেকে কমে ১৮টি, বণ্টনসংক্রান্ত মামলা ২ হাজার ১টি থেকে কমে ৬৬১টি এবং স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রি-এম্পশন মামলা ১৭টি থেকে কমে ২টিতে এসেছে।

    যৌতুক নিরোধ আইনের মামলার ক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ৫ হাজার ৬০৫টি মামলা হলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১ হাজার ৮১০টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ৬৭ দশমিক ৭১ শতাংশ মামলা কমেছে।

    মো. আসাদুজ্জামান বলেন, মামলা দায়েরের আগে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি বিচারাধীন মামলাগুলোতেও কার্যকর মধ্যস্থতা চালানো গেলে আগামী এক বছরের মধ্যে সাড়ে ৪৫ লাখ বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব।

    তিনি বিচারকদের উদ্দেশে বলেন, যেসব মামলায় আপস-মীমাংসার সুযোগ রয়েছে, সেগুলো প্রাথমিক পর্যায়েই জেলা লিগ্যাল এইড অফিস বা অনুমোদিত মধ্যস্থতাকারীদের কাছে পাঠানোর উদ্যোগ নিতে হবে।

    আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন মামলা চলার কারণে সাধারণ মানুষ মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে জনগণের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

    তিনি গণমাধ্যমকে মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখার আহ্বান জানান।

    কক্সবাজার জেলার উদাহরণ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সেখানে বর্তমানে এক লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে, যা উদ্বেগজনক। সংশ্লিষ্ট জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লিগ্যাল এইড কর্মকর্তা ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী সেপ্টেম্বরের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করে দৃশ্যমান অগ্রগতি দেখানোর আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি সাধারণ মানুষের কাছে দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম।

    তিনি বলেন, ১০ জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা বিচারব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আদালতের ওপর মামলার চাপ কমবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি মামলা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাবেন।

    অনুষ্ঠানে জানানো হয়, বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নড়াইল, যশোর, ফরিদপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় আনুষ্ঠানিকভাবে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন