স্বামীকে ‘বাবু’ বলেই ডাকেন প্রিয়াঙ্কা, ফাঁস করলেন দাম্পত্যের মজার গল্প

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার এক পডকাস্টে হাজির হয়ে দাম্পত্য জীবনের কিছু মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তারকা দম্পতি। সেখানে জানা যায়, স্বামী নিককে আদর করে ‘বাবু’ বলে ডাকেন প্রিয়াঙ্কা।
জোনাস ব্রাদার্সের পডকাস্টে অংশ নিয়ে প্রিয়াঙ্কা ও নিক তাদের ব্যক্তিগত জীবনের নানা গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে প্রিয়াঙ্কার মুখে ‘বাবু’ সম্বোধন শুনে নিকের ভাই কেভিন ও জো জোনাসও মুগ্ধ হন। তাদের ভাষায়, প্রতিটি সম্পর্কের নিজস্ব কিছু মুহূর্ত থাকে, আর এই সম্বোধনটি তেমনই এক মধুর বিষয়।
আলাপচারিতায় নিক জানান, বাসায় প্রিয়াঙ্কা যখন তাকে ‘বাবু’ বলে ডাকেন, তখন তিনি ধরে নেন কোনো না কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে।
এ বিষয়ে হাস্যরসের সুরে প্রিয়াঙ্কা বলেন, নিক বাড়িতে থাকলে তিনি যেন সব কাজই তার ওপর ছেড়ে দেন। কখনো রিমোট ঠিক করতে বলেন, কখনো ইন্টারনেটের সমস্যা সমাধান করতে বলেন, আবার কখনো পানীয় এনে দেওয়ার অনুরোধ করেন।
নিকও বিষয়টি উপভোগ করেন। তার ভাষায়, ‘বাবু’ শব্দটি শুনলেই তিনি সঙ্গে সঙ্গে সাড়া দেন।
পডকাস্টের প্রশ্নোত্তর পর্বে একে অপরের পছন্দ-অপছন্দ নিয়েও কথা বলেন তারা। প্রিয়াঙ্কা জানান, নিকের শরীরের সবচেয়ে প্রিয় বৈশিষ্ট্য তার ‘বড় পিঠ’। অন্যদিকে, নিকের গলফের পোশাক নিয়ে মজা করে বলেন, গলফ খেলতে গেলেই তিনি স্বামীকে কম সময় পান।
শেষদিকে নিকের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, এই সম্পর্কের জন্য তিনি কৃতজ্ঞ এবং নিককে গভীরভাবে ভালোবাসেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে খ্রিষ্টান ও হিন্দু—উভয় ধর্মীয় রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।