মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাংগীর আলম-ধনঞ্জয় দাসের তদন্ত শেষ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। ইতোমধ্যে কয়েকটি মামলার প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের মামলার প্রতিবেদনও রয়েছে।
প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর অভিযোগের বিষয়গুলো নিশ্চিত হলে তা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা থেকে এরই মধ্যে প্রায় ১০টি মামলার প্রতিবেদন পাওয়া গেছে। এসব প্রতিবেদন বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফরমাল চার্জ দাখিল করা হবে।
তিনি আরও জানান, এসব মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির নাম রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।