শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

৬৪ কোটি টাকা জরিমানাসহ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

৬৪ কোটি টাকা জরিমানাসহ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অর্থপাচার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত ছয় মাস কারাভোগ করতে হবে। তবে একই মামলার অপর আট আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফজলুল রহমান।

মামলার নথি অনুযায়ী, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও আড়াল করার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে র‍্যাব-৩। মামলাটির বাদী ছিলেন বাহিনীটির নায়েব সুবেদার রমজান আলী।

তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থপাচার প্রতিরোধ আইনের আরেক মামলায় একই আদালত এনু ও রুপনকে সাত বছর করে কারাদণ্ড এবং ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন