মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি, জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি, জানালেন চিফ প্রসিকিউটর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলটির বিরুদ্ধে বিচার, নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে যদি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন—উভয় আইনের আওতায় রাজনৈতিক দলের বিরুদ্ধে বিচার পরিচালনার সুযোগ রয়েছে। এই আইনি কাঠামো আওয়ামী লীগ সরকারের সময়ই সংশোধনের মাধ্যমে কার্যকর করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, যে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একসময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, একই আইনি কাঠামোর অধীনেই বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।

আমিনুল ইসলাম বলেন, তদন্তে মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হলে আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি আদালতের আদেশের ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে।

ব্রিফিংয়ে তিনি ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগের কথাও তুলে ধরেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ কয়েকটি নির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগের দিন জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান থাকার কথা উল্লেখ করেছিলেন। তার বক্তব্যের পরদিন চিফ প্রসিকিউটর বিদ্যমান আইনি কাঠামো এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন