টুটুলের টাকা’য় নুসরাত ফারিয়া

‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা নির্মাতা মেহেদী হাসান এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘টুটুলের টাকা’, যদিও মুক্তির আগে নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গল্পে তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকার ভূমিকায় থাকছেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরিয়ার নাজিম জয়, যিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন।
এদিকে, একজন প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে অভিনয়ের জন্য মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
জানা গেছে, একজন ব্যবসায়ী, এক জনপ্রিয় নায়িকা এবং একজন পুলিশ কর্মকর্তাকে ঘিরে রহস্য, দ্বন্দ্ব ও নাটকীয় ঘটনাপ্রবাহে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির গল্প।
নির্মাতা টানা ১০ দিনের শিডিউলে পুরো শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন। উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়।