বুধবার, ২৪ জুন ২০২৬
Natun Kagoj

নতুন সঞ্চালককে নিয়ে মন্তব্য রচনার: দিদি নম্বর ১ বদলানো সহজ নয়

নতুন সঞ্চালককে নিয়ে মন্তব্য রচনার: দিদি নম্বর ১ বদলানো সহজ নয়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ দেড় দশক ধরে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মুখ ছিলেন রচনা ব্যানার্জি। বাংলাদেশেও এই অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার শোয়ের কাঠামোতে বড় পরিবর্তন এসেছে, যার ফলে সঞ্চালকের দায়িত্ব থেকে বাদ পড়েছেন রচনা।

নতুন সিজনে এই দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ইতিমধ্যে প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, শুধু সঞ্চালকই নয়, পুরো শোয়ের ফরম্যাটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

আগে যেখানে চারজন প্রতিযোগী অংশ নিতেন, নতুন সিজনে একসঙ্গে ১০ জন প্রতিযোগী খেলায় অংশ নেবেন। পাশাপাশি বদলেছে খেলার ধরনও।

শোয়ের সম্প্রচারের সময়েও পরিবর্তন এসেছে। এতদিন বিকেলের স্লটে প্রচারিত হলেও, নতুন সিজন থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে রাত ১০টা ১৫ মিনিটে। আগামী ২৯ জুন প্রচারিত হবে প্রথম পর্ব।

সঞ্চালক পদ থেকে বাদ পড়া প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলেন, এটি চ্যানেলের সিদ্ধান্ত। তার ভাষায়, কাজের চাপের পাশাপাশি অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা থেকেই এই পরিবর্তন এসেছে।

তিনি আরও বলেন, “চ্যানেলের সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার নেই।”

নতুন সঞ্চালক স্বস্তিকা মুখার্জি প্রসঙ্গে রচনা বলেন, স্বস্তিকা তার দীর্ঘদিনের সহকর্মী এবং ভালো বন্ধু। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে স্বস্তিকা ভালো করবেন এবং দর্শকরা তাকে গ্রহণ করবেন।

রচনা আরও বলেন, শোটি আজ যে অবস্থানে আছে, সেখানে পৌঁছাতে তারও অবদান রয়েছে। নতুন সিজন সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১০ সালে শুরু হওয়া ‘দিদি নাম্বার ওয়ান’ মূলত নারীদের অংশগ্রহণে নির্মিত একটি জনপ্রিয় রিয়েলিটি গেম শো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন