আলিয়ার শুটিং সেটে বড় অঘটন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনায় এক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে চলচ্চিত্র অঙ্গনে শোকের পাশাপাশি শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
জানা গেছে, গত ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৪২ বছর বয়সী কাঠমিস্ত্রী চন্দ্রধারী সিং যাদব। দুর্ঘটনার সময় সেটে অভিনেত্রী আলিয়া ভাট-সহ ছবির ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুটিং সেটে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর আহত অবস্থায় চন্দ্রধারীকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত চন্দ্রধারী সিং যাদবের পরিবারে স্ত্রী ও দুই কন্যা রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে।
ঘটনার পর সঞ্জয় লীলা ভন্সালীর প্রযোজনা সংস্থা নিহতের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি চন্দ্রধারীর স্ত্রীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে এই ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। সংগঠনটির দাবি, নিহত কর্মীর পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ক্ষতিপূরণ ৫০ লাখ রুপিতে উন্নীত করা উচিত।
FWICE সভাপতি বিএন তিওয়ারি বলেন, শুধু ক্ষতিপূরণ দিলেই দায়িত্ব শেষ হয় না। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে হবে।
তিনি বলেন, “নিহতের দুই সন্তান এখনও ছোট। তাদের ভবিষ্যতের কথা ভেবে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সেটে নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মীদের নির্ধারিত সময়ের বাইরে কাজ করানো বন্ধ করতে হবে।”
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে চন্দ্রধারী দীর্ঘ সময় ধরে কাজ করছিলেন। তিনি সকাল ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত টানা দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। এমন অতিরিক্ত কর্মঘণ্টা শুটিং ইন্ডাস্ট্রিতে কর্মীদের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই কারণেই FWICE কর্মঘণ্টা নির্ধারণ এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সঞ্জয় লীলা ভন্সালীর এই বহুল প্রতীক্ষিত ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। নির্মাতারা জানিয়েছেন, ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও ছবিটি মুক্তি দেওয়া হবে।
তবে শুটিং সেটের এই মর্মান্তিক দুর্ঘটনা ছবিটির নির্মাণ কার্যক্রম এবং কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।