সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

বাবা দিবসে আবেগঘন উপহার, বাবার গানে মৌয়ের কবিতাপাঠ

বাবা দিবসে আবেগঘন উপহার, বাবার গানে মৌয়ের কবিতাপাঠ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবার নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলেন। প্রথমবারের মতো তিনি একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করেছেন। বাবা দিবস এবং নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশিত ‘সোনার কাঠি রুপোর কাঠি’ শিরোনামের গানে শোনা যাচ্ছে তার আবেগঘন কবিতাপাঠ।

গানটি মূলত প্রয়াত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া জনপ্রিয় একটি গান। নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে গানটি পুনরায় উপস্থাপন করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

‘সোনার কাঠি রুপোর কাঠি’ গানের গীতিকার নয়ীম গহর এবং সুরকার আনোয়ার পারভেজ। নতুন সংস্করণটির সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ, আর সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার।

গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন,
“সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নাম। তাঁর জন্মদিন ও বাবা দিবস একই দিনে হওয়ায় পরিকল্পনা করেই এই আয়োজন করেছি। এটি তাঁর জন্য আমার বিশেষ উপহার। একই সঙ্গে প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতির প্রতিও এটি এক শ্রদ্ধাঞ্জলি।”

তিনি আরও বলেন,
“এটি শুধু একটি গান নয়, একজন কন্যার দৃষ্টিতে বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার আবেগঘন প্রকাশ। প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে মৌয়ের কবিতা পাঠ পুরো কাজটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।”

নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর এবার কবিতাপাঠের মাধ্যমে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন মৌ। তার কণ্ঠে আবৃত্তি করা অংশগুলো গানটির আবেগকে আরও গভীর ও হৃদয়স্পর্শী করে তুলেছে বলে মনে করছেন নির্মাতারা।

গতকাল সন্ধ্যায় ‘সোনার কাঠি রুপোর কাঠি’ মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে বিশ্বরঙের ইউটিউব চ্যানেল, বিপ্লব সাহার ইউটিউব চ্যানেল এবং বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজে।

বাবা দিবস ও জন্মদিনকে ঘিরে নির্মিত এই বিশেষ আয়োজন ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন