পরীমণিকে ঘিরে আলোচনা থামতেই বিয়ের ঘোষণা শেখ সাদীর

একসময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় ছিলেন ‘ললনা’খ্যাত কণ্ঠশিল্পী শেখ সাদী। যদিও সেই আলোচনা কখনোই আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
পারিবারিকভাবে পছন্দ করা যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজের সঙ্গে শেখ সাদীর আংটিবদল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ সাদী গণমাধ্যমকে জানান, পুরো ঘটনাটি অনেকটাই আকস্মিকভাবে ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে তার বাবা-মা দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয়। পরিবারের পছন্দের পাত্রীকে তিনি সম্মতি দিলে দ্রুতই বাগদানের আয়োজন সম্পন্ন হয়।
আংটিবদলের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাসও পরিবর্তন করেন এই কণ্ঠশিল্পী, যা ভক্তদের নজর কাড়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হবু স্ত্রী সুরাইয়া আফরোজ যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।
এদিকে শেখ সাদীর বাগদানের খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে তার ও চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে পুরোনো গুঞ্জন। ২০২৫ সালের শুরুতে পরীমণির জামিনদার হিসেবে আদালতে উপস্থিত হওয়ার পর দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।
সেসময় তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও কেউই প্রকাশ্যে প্রেমের বিষয়টি স্বীকার করেননি। পরবর্তীতে পরীমণি গণমাধ্যমে শেখ সাদীকে ‘ছোট ভাইয়ের মতো’ উল্লেখ করে সম্পর্কের গুঞ্জন নাকচ করেন।
সব আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পথে হাঁটছেন শেখ সাদী। বর্তমানে তিনি সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন কয়েকটি গানের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছেন এই তরুণ শিল্পী।