৩২ হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘মাসুদ রানা’

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘মাসুদ রানা’ এবার দেশজুড়ে আরও বড় পরিসরে দর্শকদের সামনে এসেছে। আজ থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট কালজয়ী গোয়েন্দা চরিত্রকে কেন্দ্র করে নির্মিত ছবিটির পরিচালনায় রয়েছেন সৈকত নাসির। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। মুক্তির পর প্রথম দুই সপ্তাহ ছবিটি দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয়।
পরিচালক জানিয়েছেন, দর্শকদের আগ্রহের কারণে এবার ছবিটির প্রদর্শনী বাড়ানো হয়েছে। ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমাস ছাড়াও দেশের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এর মধ্যে রয়েছে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি এবং খুলনার সংগীত সিনেমা হল।
ছবিটির প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, মুক্তির পর কিছু কারিগরি ও সম্পাদনাগত বিষয় পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। ফলে নতুন সংস্করণে দর্শকরা আরও পরিপাটি ও উন্নত উপস্থাপনা দেখতে পাবেন।
‘মাসুদ রানা’ ছবিতে রাসেল রানার বিপরীতে সোহানা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এছাড়া অবনিতা চরিত্রে রয়েছেন সৈয়দা তৌহিদা হক তিথী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার ও জেবা জান্নাত।