সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের ব্যর্থ পিবিআই

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ২২ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন ১২৭তমবারের মতো পেছানো হলো।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা জমা দিতে ব্যর্থ হয়, ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় এ পরিস্থিতি তৈরি হয় বলে প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর নিহত রুনির ভাই শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্তের পরও এখনো মামলার কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। শুরুতে থানা পুলিশ, পরে ডিবি এবং এরপর র্যাব তদন্ত করে। পরবর্তীতে দীর্ঘসূত্রতার অভিযোগে হাইকোর্ট র্যাব থেকে তদন্ত প্রত্যাহার করে পিবিআইকে দায়িত্ব দেয়।
বর্তমানে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে একজন জামিনে এবং একজন পলাতক রয়েছেন। বাকিরা বর্তমানে কারাগারে আছেন।