মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মোহাম্মদপুর হত্যাকাণ্ড: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

মোহাম্মদপুর হত্যাকাণ্ড: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে মামলার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে। দিনের শুরুতে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ৮ জুন এ কার্যক্রম শুরুর কথা থাকলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল।

মামলায় বর্তমানে চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে, মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, পুলিশ ও প্রশাসনের একাধিক সাবেক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা, যারা বর্তমানে পলাতক বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১০ মে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। তখন গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন