সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের নির্দেশ আদালতের

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে দেহাবশেষের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা।
তিনি জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে এ প্রক্রিয়া শুরু হবে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় অভিনেতা সালমান শাহ মারা যান। তার মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করা হলেও পরে পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার উদ্যোগ নেওয়া হয়।
তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডি ১৯৯৭ সালে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে সালমান শাহর পরিবার দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছে।
গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।