মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

“এই গরমে মরেই যাবো”—বুলেটপ্রুফ জ্যাকেটে সালমান এফ রহমান

“এই গরমে মরেই যাবো”—বুলেটপ্রুফ জ্যাকেটে সালমান এফ রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের কারণে অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলায় অভিযুক্ত, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সালমান এফ রহমানকে। আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি নেন। এ সময় তিনি তীব্র গরমে অস্বস্তি প্রকাশ করে বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো, খুব গরম।”

এরপর একই প্রক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

পরে পাঁচ মিনিটের ব্যবধানে আরেকটি প্রিজন ভ্যানে করে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে আনা হয়। এ সময় তাকে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। তিনি বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন, ব্যথা এখনো আছে।” তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মতে, গ্রেপ্তারের পর এটাই প্রথমবার প্রকাশ্যে সালমান এফ রহমানকে বিরক্তি প্রকাশ ও কথা বলতে দেখা যায়।

আদালত সূত্র জানায়, মানি লন্ডারিং সংক্রান্ত পৃথক দুটি মামলায় হাজিরা দিতে তাদের আদালতে আনা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন