সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল, কর্মকর্তারা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত রাখা হবে। এতে কর্মকর্তাদের নাম, সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের দায়িত্ব এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।
যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে। একই সঙ্গে পৃথক অফিস আদেশে কর্মকর্তাদের যোগদানপত্রও ওই তারিখ থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।
এর আগে ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। এরপর প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছিলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।