ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ‘বনলতা এক্সপ্রেস’, টিভিতে ‘প্রিন্স’

রোজার ঈদে মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা ‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এসেছে। আগামী ২৪ মে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
ব্যবসায়িকভাবে সফল ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রায় দুই মাস পরও দেশি-বিদেশি প্রেক্ষাগৃহে জনপ্রিয়তা ধরে রেখেছে। তানিম নূর পরিচালিত সিনেমাটি এবার হলের সাফল্যের রেশ নিয়ে ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা। ট্রেনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত গল্পে একাধিক যাত্রীর জীবনের অপ্রত্যাশিত মোড় তুলে ধরা হয়েছে।
অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পেলেও কাঙ্ক্ষিত ব্যবসা করতে ব্যর্থ হয় বলে জানা গেছে। সিনেমাটির পোস্টার, টিজার ও গান প্রকাশে বিলম্বসহ বিভিন্ন অভিযোগও ওঠে।
মুক্তির পর সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে সমালোচনার পাশাপাশি গল্পের অসংগতির অভিযোগও ছিল দর্শকদের মধ্যে। পরবর্তীতে অনুমোদন ছাড়া কিছু গান ও দৃশ্য সংযোজনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির সনদ স্থগিত করে, যার ফলে হলে প্রদর্শনও বন্ধ হয়ে যায়।
নব্বইয়ের দশকের গ্যাংস্টার প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার।
ঈদের বিশেষ আয়োজন হিসেবে চ্যানেল আইয়ে সাত দিনে সাতটি সিনেমার টিভি প্রিমিয়ার দেখানো হবে। ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। তৃতীয় দিন ‘সাবা’, চতুর্থ দিন ‘টগর’, পঞ্চম দিন ‘জয়া আর শারমিন’, ষষ্ঠ দিন ‘বাড়ির নাম শাহানা’ এবং সপ্তম দিন কুসুম শিকদার পরিচালিত ‘শরতের জবা’ প্রচারিত হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।
দৈএনকে/জে, আ