জয়-পলক মামলায় সাক্ষ্যগ্রহণ সোমবার

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ কার্যক্রম চলবে।
এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হলেও অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
মামলার অন্যতম আসামি জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে আছেন। আর পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।
গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা শেষ হয়। আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোসহ অন্যরা তাকে জেরা করেন। এর আগে ১৯ এপ্রিল তার সাক্ষ্য রেকর্ড করা হয়েছিল।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন জুনাইদ আহমেদ পলক। অভিযোগে বলা হয়েছে, এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়।
মামলায় আরও বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধে ভূমিকা রাখা, মারণাস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উত্তরা এলাকায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও রয়েছে।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।