কারিনার মৃত্যুতে শোক জানাতে অস্বীকৃতি অভিনেতা আবদুল্লাহ রানার

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। তার দাবি, প্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আবদুল্লাহ রানা বলেন, এই বিষয়ে তার কিছু বলার নেই। দুঃখ প্রকাশ করা উচিত হলেও তিনি তা করবেন না, কারণ কারিনার রাজনৈতিক অবস্থান তার আদর্শের সঙ্গে মেলে না।
তিনি আরও বলেন, একজন অভিনেতার রাজনৈতিক আদর্শ থাকা স্বাভাবিক, তবে তা প্রকাশের ধরন নিয়ে তার ভিন্নমত রয়েছে। তার মতে, একজন শিল্পীর রাজনৈতিক অবস্থান প্রকাশ পাবে তার কাজের মাধ্যমে, রাস্তায় মিছিল-মিটিং বা দলীয় কার্যক্রমে নয়।
আবদুল্লাহ রানা বলেন, যখন কোনো শিল্পী দলীয় রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে কাজ করেন, সেটিকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। তবে রাজনীতিতে শিল্পীদের সম্পৃক্ততাকে তিনি পুরোপুরি নাকচ করেননি।
তিনি আরও জানান, শিল্পীরা চাইলে রাজনীতিতে যুক্ত হতে পারেন এবং একই সঙ্গে অভিনয়ও চালিয়ে যেতে পারেন। তবে তার ব্যক্তিগত মত হলো, শিল্পীদের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।
উল্লেখ্য, গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। রোববার তার মরদেহ দেশে আনা হবে এবং ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় দাফন করা হবে।