মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Natun Kagoj

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে আখ্যা দিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়ার আবেদনও করা হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। এতে হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ নিতে বলা হয়। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে এই রিট দায়ের করা হয়।

ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম বলেন, দেশে আবারও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এতে শতাধিক শিশুর মৃত্যু এবং বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্তে অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন