আবারও জুটি বাঁধলেন শারমান যোশী ও আরশাদ ওয়ার্সি

আবারও আলোচনায় এসেছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল: ফান আনলিমিটেড’। পরিচালক রোহিত শেঠি সম্প্রতি একটি বিশেষ ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করে ভক্তদের স্মৃতির জগতে নিয়ে গেছেন, যেখানে ২০০৬ সালের আইকনিক দৃশ্যকে ২০২৬ সালের নতুন ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আরশাদ ওয়ার্সি এবং শারমান যোশীর সেই বিখ্যাত রেস কারের দৃশ্য যেখানে গাড়ি ছুটে চলেছে আর শারমানের মজার নারীর বেশে থাকা মুহূর্তটি আজও দর্শকদের হাসির অন্যতম সেরা অংশ হিসেবে মনে গেঁথে আছে। এবার সেই একই দৃশ্য আধুনিক টাচে আবারও জীবন্ত করা হয়েছে, যা মুহূর্তেই নস্টালজিয়া ছড়িয়ে দিয়েছে ভক্তদের মধ্যে।
ভিডিও শেয়ার করে রোহিত শেঠি লিখেছেন, “স্মৃতির পথে ড্রাইভ… তোমরা প্রথম গোলমাল দেখার সময় কত বয়স ছিল? খুব শিগগিরই সেই আনন্দের দিনগুলো আবার ফিরিয়ে আনব… শুটিং চলছে।” তার এই ইঙ্গিতেই নতুন ‘গোলমাল ফাইভ’ নিয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।
অরশাদ ওয়ার্সি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “২০ বছর পেরিয়ে গেছে, কিন্তু কিছুই বদলায়নি। গোলমাল এখনও বিনোদন দিয়ে যাবে…” অন্যদিকে শারমান যোশী মজার ছলে এটিকে বলেছেন “সব থ্রোব্যাকের মধ্যে সেরা থ্রোব্যাক।”

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলমাল: ফান আনলিমিটেড’ বিশাল সাফল্য পায়। অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শারমান যোশী, রিমি সেন ও পরেশ রাওয়ালের অভিনয়ে গড়ে ওঠে এক অমর কমেডি ইউনিভার্স। পরে আসে ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল থ্রি’ এবং ‘গোলমাল এগেইন’ প্রতিটি সিনেমাই বাড়িয়েছে হাসি, বিশৃঙ্খলা আর বিনোদনের মাত্রা।
এখন শোনা যাচ্ছে, ‘গোলমাল ফাইভ’ নিয়ে কাজ চলছে জোর কদমে। এই পর্বে যোগ দিচ্ছেন অক্ষয় কুমারও, যা ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় আকর্ষণীয় করে তুলেছে। ভক্তদের প্রত্যাশা রোহিত শেঠির ট্রেডমার্ক কমেডি ও বিশৃঙ্খলার সঙ্গে এবার আসছে আরও বড় চমক।
দৈএনকে/জে, আ