বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে আনা হলো তিন শীর্ষ ব্যক্তিকে

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে আনা হলো তিন শীর্ষ ব্যক্তিকে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

এর আগে গত ৭ মে তিন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানায় প্রসিকিউশন। পরে তাদের আদালতে হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে আন্তর্জাতিকভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

এছাড়া সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এ ঘটনায় এরই মধ্যে আরও ছয়জন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্রিক সহিংসতায় ঢাকাসহ চার জেলায় মোট ৫৮ জন নিহত হন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ