মঙ্গলবার, ১২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • আরও দুই মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

    আরও দুই মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে পাঁচটি পৃথক মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পান তিনি। সর্বশেষ দুই মামলায় জামিন পাওয়ায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটিতে উচ্চ আদালত থেকে স্বস্তি মিলেছে।

    গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায়ে জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

    এছাড়া ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একই ধরনের অভিযোগে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। একই দিনে বন্দর থানায় আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা।

    এর আগে প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে গত ৪ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করে।

    এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন সাবেক এই প্রধান বিচারপতি। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন।

    গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ চার মামলায় রুল মঞ্জুর করে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও জামিন লাভ করেন তিনি।

    তবে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন।

    এদিকে, যাত্রাবাড়ী ও মিরপুর থানার আরও দুটি হত্যা মামলায় নিম্ন আদালতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে এসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। সর্বশেষ শুনানি শেষে আদালত দুই মামলায়ও জামিন মঞ্জুর করেন।

    উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ