মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চব্বিশের জুলাই আন্দোলনের সময় মিরপুরে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এখনই তার মুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

আইনজীবী লিটন আহমেদ জানান, মিরপুর মডেল থানার এই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। তবে আপিল বিভাগ হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ না করে জামিন বহাল রাখে এবং রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দেয়।

তিনি আরও বলেন, একইসঙ্গে সুমনের বিরুদ্ধে আরও ছয়টি মামলা থাকায় এখনই তার কারামুক্তির সুযোগ নেই।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন হৃদয় মিয়া, যিনি পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নেন এবং পরে তার পা থেকে বুলেট বের করা হয়।

ঘটনার পর ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে ব্যারিস্টার সুমনকে ৩ নম্বর আসামি করা হয়।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া খিলগাঁও ও আদাবর থানার পৃথক হত্যা মামলা এবং হবিগঞ্জের একটি হামলা সংক্রান্ত মামলাতেও তিনি আসামি রয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন