জামায়াতের নিবন্ধন পুনর্বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল আপিল বিভাগ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ মে) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দলটির জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি জানান, গত বছর ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আপিল বিভাগের রায়ে নির্বাচন কমিশনকে (ইসি) জামায়াতের স্থগিত নিবন্ধনসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ইসি দলটির প্রতীকসহ নিবন্ধন পুনর্বহাল করে।
আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিটের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে।
এর বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল করে, তবে পরবর্তীতে নির্ধারিত শুনানিতে আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ তা ‘ডিসমিসড ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করে দেয় এবং হাইকোর্টের রায় বহাল থাকে।
পরবর্তীতে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর আপিল পুনরুজ্জীবনের আবেদন গ্রহণ করে আদালত পুনরায় শুনানি শুরু করে, যার ধারাবাহিকতায় সাম্প্রতিক রায় প্রকাশিত হলো।