মনিরা আক্তার মিঠুর চোখে মা’র সংজ্ঞা

চলচ্চিত্র হোক কিংবা নাটক—মায়ের চরিত্র সবসময়ই আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেশের বিনোদন অঙ্গনে সেই মায়ের চরিত্রে নির্ভরতার নাম মনিরা আক্তার মিঠু। পর্দায় কখনও স্নেহময়ী মা, আবার কখনও সংগ্রামী অভিভাবকের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
মা দিবস উপলক্ষে চ্যানেল 24 অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন। শুরুতে মা হিসেবে ক্যারিয়ারের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ছোট সন্তানদের নিয়ে কাজ করা ছিল কঠিন অভিজ্ঞতা। বিশেষ করে শুরুর দিকে ছেলের বয়স ছিল মাত্র ছয় বছর, অনেক সময় তাকে সেটে নিয়ে যেতে হতো।
তিনি বলেন, “যেকোনো পেশার মায়ের জন্যই সংগ্রাম থাকে। আমার ক্ষেত্রেও ছিল, সন্তানকে একা বাসায় রেখে কাজ করা সম্ভব হতো না।”
শুটিং সেটে শিশুদের নিয়ে আসার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, আগের সময়ের তুলনায় এখনকার পরিবেশ অনেকটাই ভিন্ন। আগে শুটিং সেটে পারিবারিক ও আন্তরিক পরিবেশ থাকলেও এখন তা কমে গেছে বলে তার অভিমত।
মায়ের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি জানান, তিনি কখনো নিজের মাকে দেখেননি। তার কাছে মায়ের স্মৃতি বলতে শুধু একটি ছবিই আছে। তিনি বলেন, “মায়ের মতো আপন আর কেউ নেই। মায়ের অভাব কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না।”
পারিবারিক জীবনের একটি স্মরণীয় ঘটনা শেয়ার করে তিনি বলেন, তার ছেলের স্ত্রীর প্রসবকালীন জটিলতার সময় পুরো পরিবার কঠিন সময় পার করেছে। সেই অভিজ্ঞতা তার জীবনে গভীর ছাপ ফেলেছে বলে জানান তিনি।
বর্তমান কাজ নিয়েও কথা বলেন মনিরা আক্তার মিঠু। সম্প্রতি শেষ হওয়া ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’ প্রসঙ্গে তিনি জানান, তার পরিবারের সদস্যরা কাজটির প্রশংসা করেছেন এবং পাশাপাশি সমালোচনাও করেছেন, যা তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন।
তিনি আরও বলেন, শিল্পী জীবনে অতৃপ্তি থাকা উচিত নয়। তার ভাষায়, “আমি মনে করি আমার যোগ্যতার বাইরে অনেক ভালো কাজ করেছি।”
মায়ের দায়িত্ব প্রসঙ্গে মনিরা আক্তার মিঠু বলেন, “মৃত্যুকাল পর্যন্ত মায়ের দায়িত্ব থাকে। মা কখনোই সন্তানের কথা ভাবা বন্ধ করেন না।”
তার মতে, মায়ের মতো নিঃস্বার্থ, মায়াময় এবং আপনজন পৃথিবীতে আর কেউ নেই—এটাই চরম বাস্তবতা।
দৈএনকে/জে, আ