রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj

ড্রাম শেখাতে ব্যস্ত জেমস, ছোট্ট ছেলের ভিডিওতে উচ্ছ্বাস

ড্রাম শেখাতে ব্যস্ত জেমস, ছোট্ট ছেলের ভিডিওতে উচ্ছ্বাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে নগরবাউল জেমসের এক ভিন্নধর্মী ভিডিও, যেখানে সংগীত নয়—বরং এক পিতার স্নেহময় উপস্থিতিই নজর কাড়ছে ভক্তদের।

ভিডিওতে দেখা যায়, ড্রাম প্র্যাকটিস প্যাডের সামনে বসে ছোট্ট পুত্র জিবরান আনামকে ড্রাম স্টিক ধরার কৌশল শেখাচ্ছেন জেমস। ধৈর্য সহকারে তিনি সন্তানকে দেখিয়ে দিচ্ছেন কীভাবে স্টিক ধরতে হয় এবং কীভাবে তাল মিলিয়ে বাজাতে হয়। বাবার নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে দেখা যায় শিশুটিকে।

এই স্বাভাবিক অথচ আবেগঘন দৃশ্যটি প্রকাশের পরই দ্রুত ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, “রক্তের টান তো এমনই হয়”, আবার কেউ লিখেছেন, “রকের উত্তরাধিকার যেন শৈশব থেকেই গড়ে উঠছে।”

উল্লেখ্য, ‘নগরবাউল’ নামে পরিচিত জেমস ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখলেও গত বছর তিনি বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন। ২০২৪ সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কে তাদের সন্তান জিবরান আনামের জন্ম হয়।

সন্তান জন্মের পর জেমস বলেছিলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ”—আর সেই অনুভূতিরই এক বাস্তব রূপ যেন ফুটে উঠল ভাইরাল হওয়া এই ভিডিওতে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন