এলপিজির কৃত্রিম সংকট রুখতে কঠোর পদক্ষেপ সরকারের

ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারাদেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকেও সক্রিয় থাকতে বলা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। অধিবেশনে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে তিনি বলেন, নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ প্রশাসনকে মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোথাও অনিয়ম বা মজুতদারির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে এবং প্রয়োজনে সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হচ্ছে।
এছাড়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, দেশে এলপিজির প্রায় ৯৮.৬৭ শতাংশ চাহিদা আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব যাতে সরবরাহে না পড়ে, সে জন্য আমদানি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।