শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন আসামি হচ্ছেন: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ফলে তাকে আসামি করা হবে বলে জানান তিনি।
বুধবার (১৫ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এখনই চূড়ান্তভাবে কারা আসামি হচ্ছেন তা প্রকাশ করা সম্ভব নয়। তবে তদন্তে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ একাধিক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য সামনে আনা হবে।
এর আগে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি আদায়ের কর্মসূচি পালন করে। সমাবেশকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক সহিংসতা ও উত্তেজনার সৃষ্টি হয় এবং রাতের অভিযানে তাদের সরিয়ে দেওয়া হয়।
ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে বিভিন্ন সংগঠনের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ৬১ জন নিহতের কথা জানায়, অন্যদিকে হেফাজতে ইসলাম ৯৩ জন নিহত হওয়ার দাবি করে।