আশুলিয়ায় বন্ধ কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে হাবিবুল্লাহ (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কারখানাটির সিঁড়ি ও লিফটের মাঝামাঝি স্থান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তবে মরদেহটি হাঁটু গেড়ে মাটিতে পা লাগানো অবস্থায় থাকায় শ্রমিক ও স্থানীয়দের মনে রহস্যের দানা বেঁধেছে।
নিহত হাবিবুল্লাহ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকার 'গিল্ডেন জিএবি' কারখানায় সুইং লোডার হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার নিরাপত্তা ইনচার্জ মজিবর রহমান জানান, সকালে দায়িত্বে আসার পর তারা কারখানার অভ্যন্তরে একটি স্থানে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুল্লাহকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে, এই মৃত্যুকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও সন্দেহ তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি, কয়েকদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানাটিতে ছুটি চলছে। কড়া নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকা একটি বন্ধ কারখানার ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ফাতেমা নামে এক শ্রমিক বলেন, "মরদেহটি হাঁটু গেড়ে পা মাটিতে লাগানো অবস্থায় ছিল। আত্মহত্যার ক্ষেত্রে এমনটা সাধারণত হয় না। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।"
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"