শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তিন মাসেও ফল নয়, দ্রুত প্রকাশ চায় শিক্ষানবিশ আইনজীবীরা

তিন মাসেও ফল নয়, দ্রুত প্রকাশ চায় শিক্ষানবিশ আইনজীবীরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ভাইভা ফল দ্রুত প্রকাশের দাবিতে সরব হয়েছেন অংশ নেওয়া শিক্ষানবিশ আইনজীবীরা।

বুধবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

লিখিত বক্তব্যে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, নিয়ম অনুযায়ী প্রতিবছর দুটি তালিকাভুক্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ২০২৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২৪ সালে কোনো পরীক্ষা হয়নি। এতে এক বছর অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে প্রার্থীদের। পরে গত বছরের ২৫ এপ্রিল এমসিকিউ, ২৮ জুন লিখিত এবং ৩০ নভেম্বর ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু ভাইভা শেষ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি।

দীর্ঘসূত্রতার কারণে তারা আদালতে পূর্ণাঙ্গভাবে আইনচর্চা করতে পারছেন না বলে অভিযোগ করেন। তারা বলেন, পেশাগত পরিচয়হীনতা, আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যে সময়ে তরুণ আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, সে সময়ে ফলাফলের অপেক্ষায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।

অতীতে ভাইভা শেষ হওয়ার এক-দুই দিনের মধ্যেই ফল প্রকাশের নজির রয়েছে জানিয়ে তারা বলেন, সেখানে মাসের পর মাস বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। এ পরিস্থিতি শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনেই প্রভাব ফেলছে না, ভবিষ্যৎ আইন অঙ্গনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

ফলে শিক্ষানবিশ আইনজীবীরা সম্মানের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলন শেষে তারা বার কাউন্সিল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন