বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সাভারে ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

সাভারে ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাভারে পৃথক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০০ পুড়িয়া হেরোইন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে গত শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ইমান আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় মাইনুউদ্দিনের ছেলে।

অন্যদিকে, শনিবার ভোররাতে আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই মো. মতিউর রহমান। সেখান থেকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ সজিব (২৫) নামে আরেক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সজিব আমিনবাজারের চন্দ্র নারায়ণপুর এলাকার মজিবুরের ছেলে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান: "গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।"

এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন নিয়মিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, তবে আসামীরা জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় মাদক কারবার এর সাথে জড়িত হয় মর্মে জানিয়ে তাদের কঠোর শাস্তির দাবী জানায়। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন