শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj

কন্যা মালতীর আগমনে জীবনের কঠিন মুহূর্তের সাক্ষী প্রিয়াঙ্কা ও নিক

কন্যা মালতীর আগমনে জীবনের কঠিন মুহূর্তের সাক্ষী প্রিয়াঙ্কা ও নিক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তারকাদের জীবনেও বাহ্যিক ঝলক ও সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে গভীর দুশ্চিন্তা ও অজানা কষ্টের গল্প। হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের জীবনে সেই কঠিন অধ্যায়ের এক অংশ জড়িয়ে আছে, যা তাদের কন্যা মালতী মেরির জন্মকে ঘিরে আলোড়ন সৃষ্টি করেছে।

দেখতে দেখতে চার বছরে পা দিয়েছে মালতী। মাঝেমধ্যে মেয়ের ছোট ছোট মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন প্রিয়াঙ্কা ও নিক। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মালতীর জন্মের সময়কার পরিস্থিতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিক জোনাস।

নিক জানান, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের কন্যার। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীর আলো দেখেছিল মালতী। তারা ভেবেছিলেন সন্তানের জন্ম হবে এপ্রিল মাসে। হঠাৎ করেই ফোনে জানানো হয়, শিশুটি দ্রুত জন্ম নিতে যাচ্ছে। সেই মুহূর্ত থেকে শুরু হয় দুশ্চিন্তার সময়।

জন্মের পর মালতীর ওজন ছিল মাত্র ৭৬৬ গ্রাম। নিকের ভাষায়, মেয়েকে প্রথম দেখেই তারা বুঝেছিলেন পরিস্থিতি কতটা জটিল। জন্মের পর টানা ১০০ দিন ‘ইন্টেনসিভ কেয়ার ইউনিটে’ (আইসিইউ) থাকতে হয় তাকে। পুরো সময়টাতেই শ্বাসরুদ্ধকর উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছেন এই তারকা দম্পতি।

সেই সময় বিশ্বজুড়ে চলছিল করোনাভাইরাস মহামারি, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। নিক বলেন, তিনি ও প্রিয়াঙ্কা তিন মাস ধরে পালা করে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা হাসপাতালে থাকতেন। হাসপাতালের সেই দিনগুলোর স্মৃতি এখনো তাকে নাড়া দেয়।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মেয়ের কথা জানান প্রিয়াঙ্কা। এরপর থেকে মাঝে মধ্যে মালতীর ছবি শেয়ার করলেও এখনো পুরোপুরি তার মুখ প্রকাশ করেন না তারা।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের পর ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। জীবনের কঠিনতম সময় পার করে এখন সুস্থ মালতীকে ঘিরেই তাদের সুখের দিন কাটছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন