সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর ফার্মগেটে আবারও সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তারা সাকিবুল হাসান রানার হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এ আন্দোলনের কারণে ফার্মগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেটে নামা এবং ফার্মগেট থেকে খামারবাড়ি যাওয়া সড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
অবরোধরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সাকিব হত্যাকাণ্ডের এক মাসেরও বেশি সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তারা দাবি করেছেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত ৪ জানুয়ারি তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন। ওই সময় পুলিশের মধ্যস্থতায় একটি শিক্ষার্থী প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎকারে শিক্ষার্থী আব্দুর রহমান রাফি বলেন, “উপদেষ্টাদের বক্তব্যে সন্তুষ্ট হলে আমরা আর কোনো কর্মসূচি করব না। তবে সন্তুষ্ট না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হন। গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তিনি আইসিইউতে ভর্তি থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে মারা যান।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে অবরোধ তুলে নিতে আহ্বান করলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল রয়েছেন।