বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাইচ চালক নিহত

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাইচ চালক নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহাবুল আলম (৩৫) নামে এক হাইচ গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোররাতে পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার এসআই মোবারক জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে মাহাবুল আলম বিয়ে বাড়ির ভাড়া শেষ করে ওয়াপদা গেট এলাকার জিন্নাহ শপিং সেন্টারের সামনে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিএনজি যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ রেফার করেন। তবে চমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা কার, মাইক্রো ও জিপ শ্রমিক সমিতির সভাপতি মো. ইব্রাহিম জানান, ঘটনার খবর পেয়ে সমিতির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত অবস্থায় মাহাবুল আলমকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

নিহত মাহাবুল আলম হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকার মৃত আব্দুল নবীর পুত্র। তিনি পাঁচ ভাইবোনের একজন এবং অবিবাহিত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার প্রতিবাদে মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা কলাবাগান এলাকায় চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের মামা সালাউদ্দিন বলেন, “আমার ভাগিনা যাত্রী নামিয়ে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে ঝগড়া করে এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার চাই।”
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন