বিজিবি রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রামপুরায় জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে ২৮ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বিচার শুরুর দিন আসামিদের অব্যাহতির জন্য আইনজীবীদের আবেদন খারিজ করা হয়। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান ও সহিদুল ইসলাম। রেদোয়ানুলসহ গ্রেপ্তার দুজনের পক্ষে ছিলেন আইনজীবী হামিদুল মিসবাহ ও স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।
রেদোয়ানুলের সঙ্গে গ্রেপ্তার হন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
ট্রাইব্যুনালের সূত্রে জানা যায়, জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার আন্দোলনের সময় ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়। রামপুরায় নিহত ২৮ জনের ঘটনায় রেদোয়ানুল সরাসরি আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়েছিলেন। প্রসিকিউশন চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করেছেন।