চরভদ্রাসনে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস–২০২৫ খ্রি. যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) নামক বেসরকারি সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপজেলা শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিণী রওশনারা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। তাই বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ উপায়ে ও ভিসা যাচাই-বাছাই করে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে দালাল চক্রের প্রলোভনে না পড়ে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়।