বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নির্বাচন ঘিরে ঝিনাইগাতীতে সচেতনতা সভা আয়োজন

নির্বাচন ঘিরে ঝিনাইগাতীতে সচেতনতা সভা আয়োজন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আতাউর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল রাসেল বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমেই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বক্তারা নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের বিধি লঙ্ঘন না করা, পারস্পরিক সহনশীলতা বজায় রাখা এবং গণভোট বিষয়ে ভোটারদের সঠিক ও স্বচ্ছ তথ্য প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন