সাভারে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ১

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে এক সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় ডিবির একটি দল অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
গ্রেপ্তার হওয়া রতন মিয়া (৩৭) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার ছেলে। তিনি সাভারের কোর্টবাড়ি এলাকায় ভাড়ায় থাকতেন।
ডিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। পরে নজরদারি বাড়িয়ে ঘটনাস্থল থেকেই রতনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন স্বীকার করেছে- দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে সে জড়িত।
ওসি মো. জালাল উদ্দিন জানান, রতনের বিরুদ্ধে সাভার থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নতুন করে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।