ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন

ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে পার্কিং অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক বলেন, রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক চলে যান। পরে হঠাৎ ওই বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। এরপরে বাসের চালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
চালকের দাবি, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রাথমিভাবে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।