লটারিতে নরসিংদীর নতুন এসপি আব্দুল্লাহ আল ফারুক

প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার (২৬ নভেম্বর) থেকে দেশব্যাপী ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) একযোগে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই বদলির সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল ফারুক; তিনি পূর্বে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে বর্তমান নরসিংদী জেলা পুলিশের সুপার মোঃ মেনহাজুল আলমকে বদলি করে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, ২৪ নভেম্বর নির্বাচনকালীন দায়িত্ববিন্যাসের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবন “যমুনা”-তে লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপিদের চূড়ান্ত করা হয়। এই প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
লটারির ভিত্তিতে বদলি করা কর্মকর্তাদের বাছাইয়ের আগে পুলিশের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচভুক্ত অফিসারদের দিয়ে একটি “ফিট লিস্ট” তৈরি করা হয়েছিল। ওই তালিকার মধ্যে থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই ৬৪ জেলায় এসপি নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণত এসপিদের মেয়াদ তিন বছর হলেও, নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর প্রয়োজন অনুযায়ী বদলি বা পুনঃপদায়ন করা যায়।