জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বাড়ানো এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যক্রমে সংস্কার আনার দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, হঠাৎ সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। আটকে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি উত্তীর্ণদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাস সময় দেওয়া হলেও ৪৭তম বিসিএসে মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, ১ হাজার ১০০ নম্বরের বিশাল সিলেবাস মাত্র দুই মাসে শেষ করা বাস্তবসম্মত নয় এবং এটি প্রথমবারের পরীক্ষার্থীদের জন্য ‘বৈষম্যমূলক ও অযৌক্তিক’ সিদ্ধান্ত।
শিক্ষার্থীরা জানান, সময় বাড়ানো না হলে অনেক পরীক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। তাই লিখিত পরীক্ষা পেছানোর বিষয়ে পিএসসির স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরও জানান, আগামী ২৭ নভেম্বর নির্ধারিত পরীক্ষার পূর্ব পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুহু আলম বলেন, “আমরা বিশ্বাস করি বর্তমান পিএসসি ছাত্রবান্ধব। তারা অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত নেবে। যে অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছি। আমরা চাই সরকার আমাদের পড়ার টেবিলে ফেরার সুযোগ করে দিক।”
এসময় অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন—“সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস”, “সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই”, “বৈষম্যের ঠাঁই নেই”, “৪৭ মারা রোডম্যাপ বাতিল করতে হবে”—ইত্যাদি।
অবরোধের কারণে সাভার, নবীনগরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে থাকে।